লাশ শনাক্ত বৃষ্টির, ৪ মে দেশে আসছে লিমনের লাশ
পুলিশ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় একটি জলাশয় থেকে উদ্ধার করা দ্বিতীয় মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে ।
ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুক্রবার (১ মে) বৃষ্টির ভাইকে ফোন করে এ তথ্য জানানো হয়েছে। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যােগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ ৪ মে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে (স্থানীয় সময় সকাল ৮:৪০ মিনিটের দিকে)।
দুজনকে হত্যার অভিযোগে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহ (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রথম ডিগ্রি প্রিমেডিটেড মার্ডারসহ একাধিক অভিযোগে অভিযুক্ত।
প্রসঙ্গত, নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। জামিল আহমেদ লিমন (২৭) একই বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসিতে পিএইচডি করছিলেন। দুজনেই গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের মরদেহ পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে জলাশয় থেকে উদ্ধার করা হয় (কালো আবর্জনার ব্যাগে ভরা অবস্থায়)। বৃষ্টির মরদেহের খণ্ডিতাংশসহ বিভিন্ন অংশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।





















