মুহসিন কলেজে উন্নয়ন কাজের উদ্বোধন, বৈশাখী উৎসব ও পুরস্কার বিতরণে প্রাণবন্ত আয়োজন
খুলনার ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে আজ রবিবার (৩ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা, অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, হাজী মুহাম্মদ মুহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজ শুধু শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল ঘিরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই প্রত্যাশা। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক গঠনে আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মোঃ আব্দুস ছালাম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার।
এসময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান মোঃ সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহ্বায়ক মোঃ বায়েজীদ হোসাইন এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈশাখী মেলাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ—স্টল, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশকে নতুন মাত্রা দেয়।





















