মমতার জরুরি বার্তা
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজ্যজুড়ে টানটান উত্তেজনার মধ্যে দলের কর্মীদের মাঠে থাকার। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।’
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গণনার প্রাথমিক ধাপে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে পরিকল্পিতভাবে। তার দাবি, এটি একটি ‘গভীর ষড়যন্ত্র’। দলীয় এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত লড়াই চলবে, কেউ মাঠ ছাড়বেন না।’
তিনি আরও অভিযোগ করেন, প্রথম দুই থেকে তিন রাউন্ডে বিজেপির শক্ত ঘাঁটির ভোট আগে গণনা করে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তার ভাষায়, ‘প্রায় ১০০টি জায়গায় ইচ্ছাকৃতভাবে গণনা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে।’
মমতা বন্দ্যোপাধ্যায় ‘এসআইআর’-এর নাম উল্লেখ করে দাবি করেন, এর আড়ালে ভোট লুটের চেষ্টা চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, ‘নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। পুলিশও তাদের অধীনেই কাজ করছে।’
তিনি দাবি করেন, এখনও এমন ৭০ থেকে ১০০টি আসন রয়েছে যেখানে তৃণমূল জয়ী হবে, কিন্তু সেই চিত্র এখন প্রকাশ পাচ্ছে না।
দলীয় কর্মী ও এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ‘মন খারাপ করার কিছু নেই। ৩-৪ রাউন্ড গণনা মানেই ফল নির্ধারণ হয়ে যায় না। ১৭-১৮ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন-সেটাই হবে। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’
তৃণমূল নেত্রীর এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এখন নজর বিকেলের পরবর্তী রাউন্ডগুলোর দিকে-মমতার এই আত্মবিশ্বাস বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেটিই দেখার বিষয়।



















