খুলনায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: মহান মে দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং উপযুক্ত মজুরি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, অথচ তারা এখনও অনেক ক্ষেত্রে বঞ্চনার শিকার। তাই শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রমিকদলের কর্মীরা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।





















