প্রধানমন্ত্রী সিলেটে
সিলেট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেট সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।





















