শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির
রাজনৈতিক নেতা-নেত্রীর অবস্থানের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বামপন্থিরা শ্রমিকদের নিয়ে আন্দোলন শুরু করলেও অনেক সময় আন্দোলন শক্তিশালী হলে তারা নিজেদের সুবিধা নিয়ে সন্তুষ্ট হয়ে যায়। ফলে শ্রমিকদের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন ঘটে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সারা বছর শ্রমিক অধিকারের কথা বলা হলেও বাস্তবায়নের সময় তা উপেক্ষিত থাকে। শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জামায়াত আমির বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে পারলেই শিল্প খাতে অগ্রগতি সম্ভব। তাই এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশের অভ্যন্তরের শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও নানা ধরনের অবহেলা ও বঞ্চনার শিকার। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর হলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমে প্রবাসীরা ভোগান্তির মুখে পড়ছেন।





















